২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার মামলা: তারেকের আবেদনের শুনানি পিছিয়েছে

অর্থ পাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের রিট আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 07:49 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের রিট আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে। তারেকের করা এক আবেদনে রোববার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের নিয়মিত বেঞ্চ আগামী ৬ ফেব্র"য়ারি শুনানির নতুন দিন ঠিক করেছে। আদেশের পর সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। পরে তারেকের করা এক আবেদনে চেম্বার বিচারপতি গত ৩ জানুয়ারি 'নো অর্ডার' দিয়ে মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চ পাঠিয়ে দেয়। গত ২০ জানুয়ারি দৈনন্দিন কার্যতালিকায় থাকলেও শুনানি না হওয়ায় রাষ্ট্রপক্ষ শুনানির আবেদন করে। তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক এবং সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদি হয়ে তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই বছরের ৬ জুলাই এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। মামলায় অভিযোগ করা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে ১০/বি, বনানীর নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই অর্থ নেন বলে এজাহারে অভিযোগ করা হয়। মামলায় আরো বলা হয়, সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে মামুনের নামে একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এর পরিমাণ ছিল ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা)। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেককে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৩৪৪ ঘ.