ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা হালনাগাদ করে চাঁদপুর পৌরসভার নির্বাচনের নতুন তফসিল দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রায় দেন।
আদালত একইসঙ্গে এর আগে ঘোষিত তফসিলকে অবৈধ ঘোষণা করেছে।
মঞ্জুরুল ইসলাম নামে এক ভোটারের রিট আবেদনে গত ১২ ডিসেম্বর হাইকোর্ট চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে। ওই আবেদনে হালনাগাদ ভোটার তালিকা সংশোধন না হওয়াসহ বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়।
রোববার ওই আবেদনের বিষয়ে রায় হলো।
আবেদনকারী মঞ্জুরুল ইসলামের পক্ষে শুনানি করেন আমীর-উল-ইসলাম ও কেএম হাফিজুল আলম হাফিজ। পৌরসভার মেয়রপ্রার্থী ও বিবাদি শফিকুর রহমান ভূঁইয়ার পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল ও আনিসুল হক।
হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্ট ভোটার তালিকা হালনাগাদ করে দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে।
দেশের অন্য পৌরসভার সঙ্গেই গত ২ ডিসেম্বর চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ১৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে আদালতের স্থগিতাদেশে নির্বাচন আর হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৩৭ ঘ.
bdnews24