মাগুরা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
ধনেশ্বরগাতি ইউনিয়নের গজদূর্বা গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষে আহত সাখাওয়াত হোসেন ও ইমামুল মণ্ডল জানান, উপজেলা নির্বাচন নিয়ে ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাজ্জাক মোল্লা গ্র"পের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
কিছুদিন আগে মশিউরের লোকজন রাজ্জাককে কুপিয়ে আহত করে। এর জের ধরে উভয় গ্র"পের উত্তেজনার এক পর্যায়ে শনিবার দুপুরে রাজ্জাকের লোকজন মশিউরের পক্ষের আনিসুর রহমান ও দাউদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এর পরপরই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, সংঘর্ষে আহতদের মধ্যে সাখাওয়াত (৩২), হান্নান মোল্লা (৩২), মছিয়ার মণ্ডল (৫৫), ফজর মোল্লা (১৮), মিঠু (২২), জিন্নাহ (২০), জামির (৪৫), মাজেদুল র্মোলা (২৬), ইমামুল মণ্ডলকে (১৮) মাগুরা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। আনিসুর (৩৫) ও দাউদ (৩৬) নামের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শালিখা থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের ১০টি শেল ও ৫ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৯৩৪ ঘ.
bdnews24