২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবম সংসদে বর্তমানে দলীয় অবস্থান

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার উপ নির্বাচনের পর জাতীয় সংসদে প্রধান বিরোধী দল বিএনপি'র একটি আসন বেড়েছে। দলটি আসন সংখ্যা এখন ৩১। ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন সংখ্যা ২৩১। জাতীয় পার্টি (এরশাদ) ২৫। বাকি ১৩টি স্বতন্ত্রসহ অন্যান্য দলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার উপ নির্বাচনের পর জাতীয় সংসদে প্রধান বিরোধী দল বিএনপি'র একটি আসন বেড়েছে। দলটি আসন সংখ্যা এখন ৩১। ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন সংখ্যা ২৩১। জাতীয় পার্টি (এরশাদ) ২৫। বাকি ১৩টি স্বতন্ত্রসহ অন্যান্য দলের। আসন ছেড়ে দেওয়াসহ বিভিন্ন কারণে নবম সংসদের নির্বাচনের পর এ পর্যন্ত মোট ১১ টি আসনের উপনির্বাচন হয়। এরমধ্যে আওয়ামী লীগ পেয়েছে সাতটি। বিএনপি পেয়েছে তিনটি। আরেকটিতে জিতেছে মহাজোটের শরিক জাতীয় পার্টি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ৩০০ আসনের মধ্যে নির্বাচন হওয়া ২৯৯টিতে আওয়ামী লীগ একাই পায় ২৩০টি। মহাজোটের একজন প্রার্থীর মৃত্যুর কারণে নোয়াখালীর একটি আসনের নির্বাচন হয় পরে। মহাজোটের শরিকদের মধ্যে জাতীয় পার্টি ২৭টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি আসন পায়। আগের মেয়াদে ক্ষমতায় থাকা বিএনপি ২৯টি আসন পায়। দলটির শরিক জামায়াত দুটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পায় একটি আসন। এছাড়া এ সংসদে স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একটি আসন পায়। মহাজোট প্রার্থী গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম রহস্যজনক এক অগ্নিকাণ্ডে মারা যাওয়ায় নোয়াখালী-১ আসনের নির্বাচন স্থগিত করা হয়। ২০০৯ সালে ১১ জানুয়ারি নির্বাচনে আসনটি জিতে নেয় বিএনপি। ওই বছরের ১৫ ফেব্র"য়ারি স্বতন্ত্র চার সংসদ সদস্যের মধ্যে তিনজন (নড়াইল-১, টাঙ্গাইল-৬, নওগাঁ-৪) ক্ষমতাসীন দলে যোগ দেন। নির্বাচনে তারা তিনজনই আওয়ামী লীগের 'বিদ্রোহী প্রার্থী' ছিলেন। সংসদে একমাত্র স্বতন্ত্র সদস্য নোয়াখালী-৬ আসনের। ২০০৯ সালের মার্চে সংসদের ৪৫টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হয়। এর মধ্যে আওয়ামী লীগ ৩৬টি, বিএনপি ৫টি ও জাতীয় পার্টি চারটি আসন পায়। রাষ্টপ্রতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দুটি ও জাপা চেয়ারম্যানের দুটি ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচন হয় একই বছরের ২ এপ্রিল। এতে জাতীয় পার্টি একটি আসন হারায় আওয়ামী লীগের কাছে। সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির সাংসদ মারা যাওয়ার পর ওই বছরের ১৫ জুনের উপনির্বাচনে আসনটি জিতে নেয় আওয়ামী লীগ। আদালতের আদেশে ক্ষমতাসীন দলের সাংসদের সদস্য পদ খারিজের পর গত বছর ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপনির্বাচন হয়। আওয়ামী লীগ আসনটি ধরে রাখতে সক্ষম হয়। সর্বশেষ ক্ষমতাসীন দলের দুই সাংসদের মৃত্যুর পর শূন্য আসনে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপি একটি আসন জিতে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/০০২২ ঘ.