২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিএনপি, বি বাড়িয়ায় আ.লীগ এগিয়ে

উপনির্বাচনের আংশিক ফলাফলে হবিগঞ্জ-১ আসনে বিরোধী দল বিএনপি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনের আংশিক ফলাফলে হবিগঞ্জ-১ আসনে বিরোধী দল বিএনপি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন। হবিগঞ্জে ১৭৫টি কেন্দ্রের মধ্যে ১৬১টির ফলে বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া (ধানের শীষ) পেয়েছেন ৭৫ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মুশফিক হোসেন চৌধুরী (নৌকা) ৭৩ হাজার ৪৭৯ ভোট পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ১২৬টি কেন্দ্রের মধ্যে একশ'টির ফলে আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা) পেয়েছেন ৯৭ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব ৬৫ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন। হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মো. এমরান মিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইস্তাফিজুল আকন্দ বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় এই ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় সংসদের এ দুটি আসনে ভোট গ্রহণ হয়। একই সঙ্গে দেশের ১২টি পৌরসভায় নির্বাচন হয়। ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বলেন, "এবার অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে। আমরা খুবই খুশি।" অবশ্য প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি এবং হবিগঞ্জের চারটি কেন্দ্রে তাদের প্রার্থীর এজেন্টকে বের করে দিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জাল ভোট দিয়েছে। পৌরসভাগুলোর মধ্যে কক্সবাজার সদর ও চকরিয়ায় কেন্দ্র দখল হয়েছে বলেও দাবি করেছে তারা। বিএনপি সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও এ নির্বাচনে সেনাবাহিনী পায়নি ইসি। বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে হবিগঞ্জ-১ এবং লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসন দুটি শূন্য হয়। হবিগঞ্জ-১ আসনে ৩ লাখ ১ হাজার ৪৪৭ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৩ লাখ ১০ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। উপ-নির্বাচনে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়ে বলে নির্বাচন কমিশনের ধারণা। বিগত সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরিদ গাজী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ সুজাত মিয়া থেকে ৭২ হাজার ৫৯২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। ফরিদ গাজী ভোট পান ১ লাখ ৫২ হাজার ৮০ এবং সুজাত মিয়া পান ৭৯ হাজার ৪৮৮ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী লুৎফুল হাই তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি'র হারুন আল রশিদ-এর চেয়ে ৭৩ হাজার ৪৬৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। লুৎফুল হাই ভোট পান ১ লাখ ৬০ হাজার ৫২ ও হারুন আল রশিদ পান ৮৬ হাজার ৫৮৭ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/জেকে/২১০৩ ঘ.