২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ ৬, বিএনপি ৩

পুনঃ তফসিল করা ১২টি পৌরসভার নির্বাচনে ছয়টিতে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। আর তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনঃ তফসিল করা ১২টি পৌরসভার নির্বাচনে ছয়টিতে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। আর তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া একটি পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী', একটিতে জামায়াতে ইসলামী সমর্থিত এবং একটিতে নির্দলীয় প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট এলাকার নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে এই ফল পাওয়া গেছে। এর আগে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত এই ১২টি পৌরসভায় ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "এবার অত্যন্ত ভালো নির্বাচন হয়েছে। আমরা খুবই খুশি।" অবশ্য প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জাল ভোট দিয়েছে। কক্সবাজার সদর ও চকরিয়ায় কেন্দ্র দখল হয়েছে বলেও দাবি করেছে তারা। পৌর নির্বাচনে গড়ে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের ধারণা। ভোটের ফল আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে শরীয়তপুর জাজিরা পৌরসভায় আবুল খায়ের ফকির; মাদারীপুর পৌরসভায় খালিদ হোসেন ইয়াদ; ফেনীর দাগনভূঞায় ওমর ফারুক খান; মাগুরা পৌরসভায় মো. আলতাফ হোসেন; ভোলার চরফ্যাশন পৌরসভায় মো. আবদুস সালাম হাওলাদার; কক্সবাজারের টেকনাফ পৌরসভায় মো. ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন। কক্সবাজারের মহেশখালী পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মোকছুদ মিয়া। বিএনপি সমর্থিতদের মধ্যে নরসিংদীর মাধবদী পৌরসভায় মো. ইলিয়াস; দিনাজপুরের পার্বতীপুরে এ জেড এম মিনহাজুল হক; কক্সবাজারের চকরিয়ায় নুরুল ইসলাম হায়দার নির্বাচিত হয়েছেন। কক্সবাজার সদরে মেয়র নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী সারওয়ার কামাল। এছাড়া নেত্রকোনার মদন পৌরসভায় নির্দলীয় প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক মেয়র নির্বাচিত হয়েছেন। সাত বিভাগের ফল এর আগে গত ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি দেশের ২৪২ পৌরসভায় নির্বাচন হয়। এর মধ্যে গোলযোগের কারণে একটি পৌরসভায় ভোট বাতিল এবং ছয়টি পৌরসভার ২৫টির বেশি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। এছাড়া কয়েকটি কেন্দ্রের ফল ঘোষণা স্থগিত করা হয়। ফল ঘোষণা করা ২৩৫টি পৌরসভার মধ্যে প্রধান বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯৩ পৌরসভায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা জিতেছেন ৮৮টি পৌরসভায়। দুই দলের ব্যবধান ৫। এই দুই দলের বিদ্রোহীদের মধ্যে আওয়ামী লীগের ২০ এবং বিএনপির নয়জন মেয়র নির্বাচিত হয়েছেন। তবে দল দুটির শরিকরা পিছিয়ে আছে স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে। যেখানে স্বতন্ত্র প্রাথীরা ১৭টি পৌরসভায় বিজয়ী হয়েছেন সেখানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থীরা দুটি এবং বিএনপির জোট শরিক জামায়াতের পাঁচজন মেয়র হয়েছেন। রংপুর ও রাজশাহী ছাড়া আরো কোনো বিভাগের পৌরসভায় এই দুটি দলের সমর্থিত প্রার্থীরা জিততে পারেননি। এই দলগুলোর বাইরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সমর্থিত প্রার্থী একটি মাত্র পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/জেকে/০১০৫ ঘ.