২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেনাবাহিনীতে বিদ্রোহে মদতদাতাদের বিচার হওয়া উচিত'

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার নয়, সিপাহী জনতা বিপ্লবের বিপক্ষে সেনাবাহিনীতে যারা বিদ্রোহের মদদ দিয়েছিল তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন মির্জা আব্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার নয়, সিপাহী জনতা বিপ্লবের বিপক্ষে সেনাবাহিনীতে যারা বিদ্রোহের মদদ দিয়েছিল তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন মির্জা আব্বাস। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, "কর্ণেল তাহেরের ফাঁসি দেওয়ার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্পৃক্ততার কথা বলে অনেকে তার মরণোত্তর বিচার দাবি করছে। আসলে বিচার হওয়া উচিত ওই সময়ে সিপাহী জনতা বিপ্লবের বিপক্ষে যারা সেনাবাহিনীতে বিদ্রোহ সৃষ্টির মদদ দিয়েছিল তাদের।" "শহীদ জিয়া নিজে থেকে ক্ষমতায় বসেনি, সিপাহী-জনতার অনুরোধে দেশের স্বার্থে দায়িত্ব নেন," বলেন তিনি। জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। নিজ দলের মধ্যে কিছু চাটুকার ও তোষামোদকারী নেতা-কর্মী রয়েছে- উল্লেখ করে ওদেরকে 'সুযোগ সন্ধানী' এবং 'বেঈমান' হিসেবে চিহ্নিত করতে দলের কর্মীদের পরামর্শ দেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। "২০০৭ সালে ১/১১-এর সময় তারা দল থেকে সরে পড়ে। অথচ ওইসব নেতা-কর্মী গত বিএনপির [সরকারের] আমলে নানা সুযোগ-সুবিধা নিয়েছে। তাই ওদের থেকে সাবধান থাকতে হবে।" সরকারের নানা সমালোচনা করে তিনি বলেন, "দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান হচ্ছেই না। সেই সঙ্গে সীমান্তে শুরু হয়েছে মানুষ হত্যা।" সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান, শ্রমিক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৪৪ ঘ.