২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক হত্যা মামলায় সাকার জামিন

যে মামলাটিতে গত ১৬ ডিসেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিলো, সেই ফারুক হোসেন হত্যা মামলায় জামিন হয়েছে তার; যদিও যুদ্ধাপরাধের অভিযোগে আটকাদেশ থাকায় বিএনপির এ নেতার মুক্তি হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফারুক হোসেন হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) জামিন দিয়েছে আদালত। তার আবেদনের শুনানি শেষে বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত বছরের ১৬ ডিসেম্বর ভোররাতে ফারুক হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার করা হলেও পরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফারুক হত্যা মামলায় ২২ ডিসেম্বর তার জামিনের আবেদন নাকচ করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খান। গত বছরের ২৭ জুন বিরোধী দলের ডাকা হরতালের আগের রাতে মগবাজারে গাড়িতে পিকেটারদের দেওয়া আগুনে ফারুকের শরীর ঝলসে যায়। কয়েকদিন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে জামিনের শুনানিতে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও ব্যারিস্টার ফকরুল ইসলাম বলেন, তার মক্কেলের নাম এ মামলার এজাহারে নেই। তার বিরুদ্ধে এ মামলার অভিযোগ বিষয়ে কেউ সন্দেহও করেনি। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সিলিন্ডার বিষ্ফোরণে গাড়ি পুড়েছে। কেউ গাড়িতে আগুন দেয়নি। এ ব্যাপারে একজন পুলিশ কর্মকর্তার সাক্ষাৎকারও প্রকাশিত হয় ঘটনার পরদিন। আইনজীবীরা বলেন, ওই ঘটনার সময় সালাউদ্দিন কাদের চট্টগ্রামে অবস্থান করছিলেন। এ মামলার অন্য সব আসামি জামিনে রয়েছেন। এ বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার ও পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মকবুল আহমেদ বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী হরতালে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেন। তার ইন্ধনেই গাড়ি পুড়িয়ে ফারুককে হত্যা করা হয়েছে। তার জামিন নামঞ্জুর করা হোক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/আরএ/জেকে/১৭০৯ ঘ.