ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সাবেক এই সামরিক শাসক বলেন, "দীর্ঘ ২০ বছর পর আমি আপনাদের কাছে একটি আবদার নিয়ে এসেছি। সেটি হলো উবায়দুল মোক্তাদির চৌধুরীকে ভোট দিয়ে আমাকে সম্মানিত করুন।"
প্রচারণার শেষদিন মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী জনসভায় এরশাদ এ কথা বলেন।
আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আবদুল হাই সাচ্চুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরের আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে এই জনসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এরশাদ।
তিনি বলেন, "আমি উন্নয়নে বিশ্বাসী, উবায়দুল মোক্তাদির চৌধুরীকে ভোট দিলে এ এলাকার উন্নয়ন হবে।"
সংসদ নির্বাচনে জনগণের নজিরবিহীন রায়ে ক্ষমতায় আসার বিষয়টি জানিয়ে এরশাদ বলেন, "বিএনপি-জামায়াত জোটের নেতারা বলেছিলেন আওয়ামী লীগ এবং মহাজোট ক্ষমতায় এলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না; এটা ডাহা মিথ্যা কথা। তাদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।"
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই। কেননা তারা সংসদে যায় না।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এমদাদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা শিরিন আক্তার, জাতীয় পার্টির মহাসচিব রুহল আমীন হাওলাদার, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মইনুদ্দিন মইন, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রিপন প্রমুখ।
এই আসনে জাতীয় পার্টি রেজাউল ইসলা ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছিলো। মনোনয়ন প্রত্যাহার না করলেও রেজাউল সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24