ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সংঘটিত নির্যাতন ও সহিংস ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় আরো তিন মাস বাড়ানো হয়েছে।
এ নিয়ে চতুর্থবারের মতো প্রতিবেদন জমার সময় বাড়ানো হলো।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
কমিশনের প্রধান সাবেক জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো তিন মাস সময় বাড়ানো হয়েছে। সরকার পক্ষ কমিশনের প্রধানের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে।"
২০০৯ সলের ৬ মে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ২০০১ সালের সাধারণ নির্বাচনের পর বিভিন্ন সহিংসতার অভিযোগ তদন্তে সরকারকে একটি কমিশন গঠনের নির্দেশ দেয়।
ওই বছরের ২৭ ডিসেম্বর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাহাবুদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিশন করে সরকার।
২০১০-এর ফেব্র"য়ারি থেকে দাপ্তরিক কাজ শুরুর পর এপ্রিলের ১০ তারিখে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ শুরু করে কমিশন। মাঠ পর্যায়ে ২৫টি জেলায় তথ্য সংগ্রহ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/পিডি/১৯১১ ঘ.
bdnews24