২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবলীগনেতা হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে কলেজ শিক্ষক ও যুবলীগ নেতা ইমরুল কায়েস কনক হত্যার অপরাধে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২৪, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের কাজীপুরে কলেজ শিক্ষক ও যুবলীগ নেতা ইমরুল কায়েস কনক হত্যার অপরাধে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সাজা দেওয়া হয়। প্রায় এক দশক আগের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে দুজনকে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ লায়লা আক্তার বানু সোমবার ১৪ আসামির উপস্থিতিতে এই রায় দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে প্রিন্স, সোটকা মণ্ডলের ছেলে খালেক, জহুরুল ইসলাম ভোলার ছেলে শামিম, সোলেমান হোসেনের ছেলে শামিম ওরফে জিয়াউর রহমান ও রফিকুল ইসলামের ছেলে হিটলার। এদের মধ্যে প্রিন্স ও খালেক হত্যাকাণ্ডের পর থেকে পলাতক। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান, তার ভাই সাধারণ সম্পাদক মো. নবীর এবং বিএনপি কর্মী শাহ আলী, রুবেল, মিলন, রাজ্জাক, টেনিস, টমাস, খালেক ও আনিস। এদের মধ্যে রাজ্জাক পলাতক রয়েছেন। খালাস পাওয়া দুজন হলেন- শফিকুল তালুকদার ও রফিকুল তালুকদার। আসামিদের প্রত্যেকের বয়স ২৮ থেকে ৩৫ বছরের এর মধ্যে। মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় যুবলীগ নেতা ও চালিতাডাঙ্গা মহিলা কলেজের শিক্ষক ইমরুল কায়েস কনক উপজেলার সোনামুখী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে অভিযুক্তরা কুপিয়ে ও জবাই করে তাকে হত্যা করে। এর আগে তার দুই চোখ উপড়ে ফেলা হয়। এ ঘটনায় কনকের চাচা আনোয়ার হোসেন ঠাণ্ডু বাদি হয়ে পরদিন ১৭ জনের বিরুদ্ধে কাজীপুর থানায় একটি হত্যা মামলা করেন। কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান মামলাটি তদন্ত শুরু করেন। এক পর্যায়ে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। তদন্ত শেষে সিরাজগঞ্জ সিআইডির পরিদর্শক তোফাজ্জল হোসেন ২০০৩ সালের ৩১ জুলাই মুজিবরসহ পাঁচজনকে অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দেন। এর বিরুদ্ধে বাদি পক্ষ নারাজি দেওয়ার পর আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়। সিআইডি পাবনা জোনের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সোহরাওয়ার্দী তদন্ত শেষে ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর এজাহারভুক্ত সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সিরাজগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান সরকার। আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট সানোয়ার হোসেন। মামলার বাদি কনকের চাচা আনোয়ার হোসেন ঠাণ্ডু রায়ের প্রতিক্রিয়ায় বলেন, "নয় বছর তিন মাস পর আলোচিত এ মামলার রায় পেয়ে আমি সন্তুষ্ট।" আসামিদের আইনজীবী সানোয়ার হোসেন বলেন, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/এমআই/এমএসবি/১৮৫৮ ঘ.