ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগ এনে তিন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চেয়েছে বিএনপি।
দলটির অভিযোগ, তারা সন্ত্রাসীদের মদদ দেওয়ার পাশাপাশি নৌকা প্রতীকের পক্ষে আচরণবিধি বহির্ভূতভাবে প্রচার চালাতে সহযোগিতা করছেন।
সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এই দাবি জানান।
ওই তিন কর্মকর্তা হলেন, ব্রাক্ষণবাড়িয়া সদর সার্কেলের এএসপি সঞ্জয় সরকার, বিজয় নগর থানার ওসি দুলাল মাহমুদ ও নবীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন।
আনোয়ার বলেন, "উপনির্বাচনে স্থানীয় প্রশাসনকে দিয়ে ক্ষমতাসীনরা প্রভাব বিস্তার করছে। আমাদের নেতা-কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এএসপি ও ওসিরা প্রকাশ্যে সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন ও নৌকা প্রতীকের পক্ষে আচরণ বিধি বহির্ভূতভাবে প্রচারণা চালাতে সহযোগিতা করছেন।"
২৭ জানুয়ারি ব্রাক্ষণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এই দুই উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি করে বিএনপি নেতা বলেন, "ব্রাক্ষণবাড়িয়া-৩ আসনের ২০টি এবং হবিগঞ্জ-১ আসনে ৪৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ওইসব কেন্দ্রে ভোটের দিন সেনা মোতায়েন করা না হলে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে না।"
স্থানীয় প্রশাসনের মদদে পুলিশ ধানের শীষের প্রার্থীর পোস্টার ও লিফলেট ছিঁড়ে ফেলছে- এমন অভিযোগ করেন আনোয়ার বলেন, "তারা নেতা-কর্মীদের হুমকি দিয়ে বলছে ধানের শীষে ভোট দিয়ে লাভ হবে না। যে জেতার, সে এরই মধ্যে জিতে আছেন।"
পুলিশের নাকের ডগায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ করেন তিনি।
নোয়াখালী সদর থানার ওসিকেও প্রত্যাহারের দাবি জানান আনোয়ার।
তিনি বলেন, "সদর পৌরসভার স্থগিত কেন্দ্রগুলোর নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থীকে এই পুলিশ কর্মকর্তা প্রচার চালাতে দিচ্ছে না।"
২৭ ফেব্র"য়ারি পৌরসভার স্থগিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হবে।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক শরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৬২০ ঘ.
bdnews24