পঞ্চগড়, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবরুদ্ধ ও কার্যালয় ভাঙচুরের মামলায় পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার আত্মসমর্পণ করে আসামিরা জামিন আবেদন জানালের আদালত নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এরা হলেন- মনোয়ার সেলিম, আবুল হোসেন, ফইমউদ্দিন, নাসিরউদ্দিন ও শহিদুল ইসলাম।
সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে অভিযুক্তরা বিচার বিভাগীয় হাকিম আদালতে আত্মসর্মপণ করেন। তাদের আইনজীবীরা জামিনের আবেদন জানালে এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
উভয়পক্ষের শুনানি শেষে হাকিম মো.সাইফুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২২ অক্টোবর উপজেলা চেয়ারম্যানের কার্যালয় কক্ষে ও তার ব্যবহৃত গাড়ি গ্যারেজে রেখে তালা দেওয়ার ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ইউএনও'র কার্যালয় ভাঙচুর এবং তাকে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
পরদিন ইউএনও রাশেদুল হাসান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরো দেড়শ' নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
আটোয়ারী থানার ওসি মজনুর রহমান জানান, ২০১০ সালের ৯ নভেম্বর ওই পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24