ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা নিয়ে রিট আবেদনের রায়ে নিজের বইয়ে তাহেরের বিচার সংক্রান্ত অধ্যায়টিকে প্রয়োজনে রেফারেন্স হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ।
বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে আদালতের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অন্য একটি মামলার কাজে আদালতে এলে বইটি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে মওদুদ বলেন, "আমি যা লিখার লিখে দিয়েছি। আপনারা চাইলে তা মামলার রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারেন।"
'ডেমোক্রেসি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট' শিরোনামে বইয়ে 'দ্য ট্রায়াল অব তাহের' অধ্যায়ে ১৯৭৬ সালে সামরিক আদালতে কর্নেল তাহেরের বিচার এবং তাতে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন মওদুদ।
১৯৯৫ সালে মওদুদের বইটি যখন প্রকাশ হয়, তখন তিনি আরেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের গড়া দল জাতীয় পার্টিতে ছিলেন। পরে যোগ দেন বিএনপিতে।
এখন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
মওদুদ তার বইয়ে লিখেছেন, পাকিস্তান থেকে প্রত্যাগত সেনা কর্মকর্তাদের সমর্থনে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন, যা দেশের প্রথম সামরিক আইন প্রশাসক নিজেই স্বীকার করেছেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেন এবং সামরিক আদালতে গোপন বিচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরসহ ১৭ জনকে সাজা দেওয়া হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই ওই রায়ের পর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ অগাস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২১৩১ ঘ.
bdnews24