ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে উপনির্বাচন সামনে রেখে শুক্রবার থেকেই মাঠে থাকবে নির্বাচন কমিশনের (ইসি) 'নীরব পর্যবেক্ষক'।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "নির্বাচনী এলাকার অনিয়ম ও সহিংসতার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুবিধার্থে অন্যান্য নির্বাচনী কর্মকর্তার পাশাপাশি ইসির নিজস্ব এই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।"
'নিরব পর্যবেক্ষক' হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা নির্বাচনী এলাকায় সাত দিন দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
এর আগে ইসির সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট নির্বাচন পর্যবেক্ষকেদের দায়িত্ব সম্পর্কে ব্রিফ করেন তিনি।
আগামী ২৭ জানুয়ারি হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনে উপ-নির্বাচন হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ জন ও হবিগঞ্জে ২১ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।
কমিশনার আরো বলেন, "এই কর্মকর্তারা নির্বাচনী এলাকার পরিস্থিতি কমিশনকে নিয়মিত তথ্য দেবেন। পর্যবেক্ষণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও কমিশন সচিবালয়েও এ সংক্রান্ত প্রতিবেদন দেবেন তারা।"
গত ২৪ এপ্রিল ভোলা-৩ উপ নির্বাচন এবং ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও 'নীরব পর্যবেক্ষক' নিয়োগ করেছিল ইসি।
১৩ পৌর এলাকায়তেও নিজস্ব পর্যবেক্ষক
বিভাগওয়ারি পৌর নির্বাচনে লোকবল সংকটের কারণে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ করতে না পারলেও ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় ১৩ পৌরসভার নির্বাচনে গড়ে ২-৩ জন করে পর্যবেক্ষক থাকবেন।
এম সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনের অন্তত তিন দিন আগে থেকে তারা কাজ শুরু করবেন।
২৭ জানুয়ারি দিনাজপুরের পার্বতীপুর, মাগুরা জেলার সদর, ঝালকাঠি জেলার সদর, ভোলার চরফ্যাশন, নরসিংদী জেলার মাধবদি, শরীয়তপুরের জাজিরা, নেত্রকোনার মদন, মাদারীপুর জেলার সদর, ফেনীর দাগনভুঞা ও কক্সবাজার জেলার সদর, মহেশখালী, চকরিয়া ও টেকনাফ পৌরসভার নির্বাচন হওয়ার কথা।
গত ১২, ১৩, ১৭, ও ১৮ জানুয়ারি সাত বিভাগের ২৪২টি পৌরসভায় নির্বাচন শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২০০৩ ঘ.
bdnews24