২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ করুন: হাসিনা

সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে গ্যাস অনুসন্ধান, বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো নির্মাণের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে গ্যাস অনুসন্ধান, বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো নির্মাণের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবির হোটেল 'বিচ রোটানা'য় সোমবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং সংযুক্ত আরব আমিরাত বিদেশী বণিক ও শিল্প মালিক সমিতি (ইউএইএফসিসিআই)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দানকালে শেখ হাসিনা এ আহ্বান জানান। এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ ও ইউএইএফসিসিআই'র সেক্রেটারি জেনারেল আবদুল্লাহ সুলতান নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই স্বাক্ষর প্রদান করা হয়। শেখ হাসিনা বলেন, "সরকার বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করায় স্থানীয় ও বিদেশী উভয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণ করতে পারে।" তিনি বলেন, "সরকার বিদেশী বিনিয়োগকারীদের জন্য 'কর অবকাশ' ঘোষণা করেছে। অপরদিকে এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শ্রমমূল্য খুবই কম।" প্রধানমন্ত্রী বলেন, "১৬ কোটি লোকের দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বিশাল, যা বিদেশী বিনিয়োগকারীদের সহজেই আকৃষ্ট করতে পারে।" তিনি বলেন, "বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করতে পারেন সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৯৫৬ ঘ.