ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অরাজনৈতিক' পৌর নির্বাচনের বাস্তবতা হলো- 'রাজনৈতিক' প্রার্থীরাই এ নির্বাচনের প্রধান কুশীলব। আর সারা দেশের পাঁচ বিভাগে ১৮৪ পৌরসভার মধ্যে সোমবার পর্যন্ত যে ১৮২টির ফল ঘোষিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রধান দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই।
এসব পৌরসভার মধ্যে বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন ৬৮টিতে। অন্যদিকে সরকারে থাকা আওয়ামী লীগ সমর্থিত ৬৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
অবশ্য ১৮টি পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী'রা। আটটিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী।
এই দুই দলের দুই প্রধান শরীক জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী সমর্থিত কোনো প্রার্থী ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে মেয়র নির্বাচিত হতে পারেননি। রাজশাহী ও রংপুরের নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত দুজন এবং জামায়াত সমর্থিত পাঁচজন বিজয়ী হয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে পাঁচ বিভাগে মেয়র নির্বাচিত হয়েছেন ১৪ জন।
চট্টগ্রাম বিভাগের ৪২ ও সিলেট বিভাগের ১৬ পৌরসভায় মঙ্গলবার ভোট হবে। আইনগত জটিলতার কারণে পিছিয়ে যাওয়া ১৪টি পৌরসভায় ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি।
ঢাকা: সোমবার ঢাকা বিভাগের ১৭ জেলায় ৬৩টি পৌরসভায় নির্বাচনের পর রাত একটা পর্যন্ত ৬১টির বেসরকারি ফল ঘোষিত হয়েছে। এর মধ্যে ২৭টিতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং ২২টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এছাড়া ৬ পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী, একটিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আটটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় গাজীপুরের কালিয়াকৈর এবং ৯টি কেন্দ্রের মধ্যে ১টির ভোট গণনা স্থগিত করায় টাঙ্গাইলের ঘাটাইলের ফল স্থগিত রয়েছে।
বরিশাল ও খুলনা: গত বৃহস্পতিবার বরিশাল ও খুলনা বিভাগের ৪৯ পৌরসভার নির্বাচনে ২২ পৌরসভায় মেয়র পদে সরকার সমর্থিতরা নির্বাচিত হয়েছেন। ১৪ পৌরসভায় জিতেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
বরিশাল বিভাগের ছয় জেলার ১৯ পৌরসভায় ক্ষমতাসীন দলের সমর্থিত মেয়র নির্বাচিত হয়েছেন ১৪ পৌরসভায়। বিরোধীদল সমর্থিত প্রার্থী মাত্র একটি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।
খুলনা বিভাগে ৩০ পৌরসভার মধ্যে ১৩ পৌরসভায় বিএনপি সমর্থিত আর আট পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ 'বিদ্রোহী' সাতজন ও বিএনপির 'বিদ্রোহী' পাঁচজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
রাজশাহী ও রংপুর: গত বুধবার দুই বিভাগে বিভাগের ৭২ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিরোধীদল বিএনপি সমর্থিত ৩২ প্রার্থী নির্বাচিত হন। ১৮ পৌরসভায় জিতেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
চার পৌরসভায় বিএনপি'র বিদ্রোহী প্রার্থী ও পাঁচ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন।
এছাড়া স্বতন্ত্র ছয়জন, জামায়াত সমর্থিত পাঁচজন ও জাতীয় পার্টি সমর্থিত দুজন মেয়র নির্বাচিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/জেকে/এমএসবি/০২৩০ ঘ.
bdnews24