ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিলেটের ৫৮টি পৌরসভায় মঙ্গলবার ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের মতো চট্টগ্রাম ও সিলেট বিভাগেও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন সচেষ্ট বলে জানান সোমবার জানান নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব (পৌর) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম বিভাগের ৪২টি পৌরসভায় নির্বাচন হবে। সিলেট বিভাগে নির্বাচন হবে ১৬টি পৌরসভায়।"
এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৭টি পৌরসভায় ভোটের আগে-পরে চার দিনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ সময় দুই বিভাগে আলাদাভাবে ২৬টি পৌরসভায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিডিআর সদস্যদেরও রাখা হয়েছে।
এছাড়া বেশি ঝুঁকিপূর্ণ বিবেচনায় কচুয়া, রাউজান ও রাঙ্গুনিয়া পৌরসভায় সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছে।
আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য প্রতিটি পৌরসভায় একজন করে বিচার বিভাগীয় ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছেন।
আব্দুল বাতেন জানান, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের নির্বাচনী এলাকাগুলোয় নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা সব জায়গায় টহল দেবে।
প্রচারণা, বহিরাগত ও যানবাহনে নিষেধাজ্ঞা
ইসি সচিবালয়ের উপ-সচিব (পৌর) সৈয়দ খুরশিদ সাংবাদিকদের জানান, ভোটের ৩২ ঘণ্টা আগে থেকে বহিরাগতদের (যারা এলাকার বাসিন্দা বা ভোটার নন) নির্বাচনী এলাকায় অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোট গ্রহণের আগের দিন থেকে ভোটের পর দুদিন সব ধরনের প্রচার কার্যক্রমও বন্ধ থাকবে।
ইসি কর্মকর্তা জানান, চট্টগ্রাম বিভাগে ১৬ জানুয়ারি মধ্যরাত থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ রয়েছে। ২০ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
১৭ জানুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, টেম্পু, লঞ্চ, ইঞ্জিনবোট ও স্পিডবোট চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ থাকবে।
ভোটের দিন নির্বাচনী এলাকায় অনুমোদিত ছাড়া বিভিন্ন ধরনের যানবাহন ও নৌ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে মেয়র বা তার নির্বাচনী এজেন্ট প্রতি এলাকায় একটি করে গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে কাউন্সিলররা সেটা পারবেন না।
চট্টগ্রাম-সিলেটে যে সব পৌরসভায় নির্বাচন
সিলেট: সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর, ছাতক, দিরাই ও জগন্নাথপুর, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর, বড়লেখা, কুলাউড়া, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট, সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ।
চট্টগ্রাম: নোয়াখালী জেলার নোয়াখালী সদর, সেনবাগ, চৌমুহনী, চাটখিল, কবিরহাট, বসুরহাট ও হাতিয়া, কুমিল্লা জেলার বরুড়া, চান্দিনা, দাউদকান্দি, হোমনা, লাকসাম, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম, চাঁদপুর জেলার শাহরাস্তি, ছেংগারচর, মতলব, হাজীগঞ্জ, কচুয়া ও ফরিদগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি, ফেনী জেলার ফেনী সদর, সোনাগাজী ও পরশুরাম, চট্টগ্রাম জেলার বারৈয়ার হাট, মিরসরাইর, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী, খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা, বান্দরবান জেলার বান্দারবান সদর ও লামা এবং রাঙামাটি জেলার রাঙামাটি সদর পৌরসভা।
সেনা-বিডিআর মোতায়েন
ইসি কর্মকর্তা আব্দুল বাতেন জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগে রোববার সকাল ৬টা থেকে সশস্ত্রবাহিনী ও বিডিআর মোতায়েন রয়েছে।
সশস্ত্রবাহিনী ভোটের দুই দিন আগে ও নির্বাচনের পরে একদিনসহ মোট চারদিন, নির্বাচনের দুই দিন আগে থেকে ভোটের পর আরো দুই দিন (মোট পাঁচ দিন) বাছাই করা পৌরসভায় এক প্লাটুন করে বিডিআর দায়িত্ব পালন করবে। কোস্টগার্ড থাকবে নির্বাচনের পরদিন পর্যন্ত মোট চারদিন।
সেনাবাহিনী ও নৌ সদস্য যেসব পৌরসভায়
হবিগঞ্জ, মাধবপুর, নোয়াখালী, কবিরহাট, বসুরহাট, হাতিয়া, কুমিল্লার লাকসাম, বরুড়া, কচুয়া, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ, পরশুরাম, রাউজান, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ।
বিডিআর থাকবে যেসব পৌরসভায়
সুনামগঞ্জ, ছাতক, দিরাই, জগন্নাথপুর, সেনবাগ, চৌমুহনী, চান্দিনা, দাউদকান্দি, হোমনা, চৌদ্দগ্রাম, ছেংগারচর, ফেনী, সোনাগাজী, বারইয়ারহাট, মিরসরাই, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, বান্দরবান, লামা ও রাঙামাটি।
চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রার্থী ৩৩০৮
চট্টগ্রাম বিভাগের ৪২ পৌরসভায় মেয়র পদে ২১৩ জন, মহিলা আসনে ৪১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৮০৮ জন প্রার্থী রয়েছেন। এসব পৌরসভায় মেয়র পদ ছাড়া সংরক্ষিত ১৬১টি ও সাধারণ কাউন্সিলরের ৩৯৩টি পদ রয়েছে।
১০ লাখ ৪১ হাজার ৩০৭ ভোটারের জন্য এ নির্বাচনী বিভাগে ৫২৫ ভোটকেন্দ্র ও ৩১৮০টি ভোটকক্ষ রয়েছে।
সিলেট বিভাগের ১৬ পৌরসভায় মেয়র পদে ৭৪, সংরক্ষিত ১৮১ ও সাধারণ কাউন্সিলর পদে ৬১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব বিভাগে মেয়র ছাড়াও ১৪৪টি সাধারণ ও ৪৮টি সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে।
২ লাখ ৯৫ হাজার ৯৯০ ভোটারের বিপরীতে ১৮৭টি ভোট কেন্দ্র ও ৮২২টি ভোট কক্ষ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০০১১ ঘ.
bdnews24