শেরপুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরের তিনটি পৌরসভাতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।
নালিতাবাড়ী পৌরসভায় আনোয়ার হোসেন দেয়ালঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন নয় হাজার ৪৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল হালিম উকিল পান চার হাজার ১১৭ ভোট।
সোমবার রাত সোয়া ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
শ্রীবর্দী পৌরসভায় ৪ হাজার ১৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. আব্দুল হাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবু সাইদ পেয়েছেন ৩ হাজার ২৪৭ ভোট।
রাত ১১টায় রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিক আল মাহমুদ ফলাফল ঘোষণা করেন।
নকলা পৌরসভায় বিএনপির মোখলেসুর রহমান তারা ৪ হাজার ১৩২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনির হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৪১ ভোট।
রাত ১১টায় রিটার্নিং কর্মকর্তা মো. হানিফ উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩২৭ ঘ.
bdnews24