২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পৌর নির্বাচনদুই দলের জন্যই 'ভালো' ঢাকা

ঢাকা বিভাগের পৌরসভা নির্বাচনে ৬৩টির মধ্যে ৬১টির ফল পাওয়া গেছে। এর মধ্যে ২৭টিতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। ২২টি পৌরসভায় জিতেছেন বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিভাগের পৌরসভা নির্বাচনে ৬৩টির মধ্যে ৬১টির ফল পাওয়া গেছে। এর মধ্যে ২৭টিতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। ২২টি পৌরসভায় জিতেছেন বিরোধীদল বিএনপি সমর্থিত প্রার্থীরা। এছাড়া ৬ পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী, একটি পৌরসভায় বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী এবং ৫টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ঢাকা বিভাগ বলতে গেলে দুই দলের ফল 'ভালো' হয়েছে। এছাড়া আটটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় গাজীপুরের কালিয়াকৈর এবং ৯টি কেন্দ্রের মধ্যে ১টির ভোট গণনা স্থগিত করায় টাঙ্গাইলের ঘাটাইলের ফল স্থগিত রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের মতো ঢাকাতেও ক্ষমতাসীন ও বিরোধী জোটের দুই প্রধান শরিক জাতীয় পার্টি ও জামায়াতের প্রার্থীরা পৌর মেয়র পদে জয়ী হতে পারেননি। সোমবার রাত ১টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে এই ফল পাওয়া গেছে। ঢাকা বিভাগের পৌরসভাগুলোতে সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। গড়ে ৭০ শতাংশ ভোটার এদিন ভোট দিয়েছে বলে নির্বাচন কমিশনের ধারণা। ভোট চলাকালে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে বিধি ভঙ্গের কারণে কয়েক জন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে বিএনপি অভিযোগ করেছে, বিভিন্ন স্থানে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।" ভোটার তালিকায় গড়মিলের কারণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আটটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ বিষয়ে ছহুল বলেন, "মূল ভোটার তালিকার সঙ্গে প্রার্থীদের এজেন্টকে সরবরাহ করা তালিকার গড়মিল কেন হলো, তা খতিয়ে দেখা হবে।" ইসি কর্মকর্তারা জানান, ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় মেয়রপদে ২৯৯ জন, সংরক্ষিত আসনে ৭৩৫ ও সাধারণ কাউন্সিলর পদে ২৭৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভাগুলোয় সমসংখ্যক মেয়র পদ ছাড়াও ৫৯৪টি সাধারণ ও ১৯৮টি সংরক্ষিত কাউন্সিলর পদ রয়েছে। এসব পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৬ হাজার ৪২৮। ঢাকা বিভাগ সোমবারের নির্বাচনে গোপালগঞ্জ জেলার সদর, টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া; শরীয়তপুরের নড়িয়া ও ডামুড্যা; নেত্রকোনা সদর, দুর্গাপুর ও কেন্দুয়া, মাদারীরপুরের শিবচর; কিশোরগঞ্জ সদর, কুলিয়ারচর ও করিমগঞ্জ; ময়মনসিংহ সদর, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ফুলপুর; শেরপুর সদর এবং নরসিংদী সদর ও মনোহরদী; জামালপুরের ইসলামপুর, টাঙ্গাইল সদর, কালিহাতি, সখিপুর, ধনবাড়ী, ভুয়াপুর; রাজবাড়ীর পাংশা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৯টি কেন্দ্রের ১টির ভোট গণনা স্থগিত করায় কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। আট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হোসেন আলী এগিয়ে ছিলেন। আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী জিতেছেন মাদারীপুরের কালকিনি; শরীয়তপুরের ভেদরগঞ্জ; ময়মনসিংহের গফরগাঁও, মুক্তাগাছা ও গৌরীপুর; জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায়। এ বিভাগে বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন শেরপুরের নকলা, নলিতাবাড়ী ও শ্রীবর্দী; নেত্রকোনার মোহনগঞ্জ; ফরিদপুরের নগরকান্দা ও বোয়ালমারী; মানিকগঞ্জের সিঙ্গাইর; কিশোরগঞ্জের কটিয়াদী, ভৈরব, বাজিতপুর ও হোসেনপুর; মুন্সীগঞ্জে সদর; ময়মনসিংহের নান্দাইল; ঢাকার সাভার ও ধামরাই; নারায়ণগঞ্জের তারাব; জামালপুর সদর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ; রাজবাড়ী সদর; টাঙ্গাইলের মধুপুর ও গোপালপুর পৌরসভায়। জামালপুরের মেলান্দহ পৌরসভায় নির্বাচিত হয়েছেন বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী। এছাড়া মুন্সীগঞ্জের মিরকাদিম, নারায়ণগঞ্জের সোনারগাঁও, টাঙ্গাইলের মির্জাপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং ফরিদপুর সদরে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। দেশের পাঁচ বিভাগে ১৮৪ পৌরসভার মধ্যে সোমবার পর্যন্ত যে ১৮২টির ফল ঘোষিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রধান দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। এসব পৌরসভার মধ্যে বিরোধী দল বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ৬৮টিতে। অন্যদিকে সরকারে থাকা আওয়ামী লীগ সমর্থিত ৬৭ জন প্রার্থী পাঁচ বিভাগে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। অবশ্য ১৮টি পৌরসভায় আওয়ামী লীগের এবং আটটিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী জয়ী হয়েছেন। এই চার বিভাগে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন নয়টি পৌরসভায়। জাতীয় পার্টি সমর্থিত দুজন এবং জামায়াত সমর্থিত পাঁচজন মেয়র হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএইচসি/ডিডি/এমএসবি/জেকে/এমএসবি/০২৫২ ঘ.