ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের সার্বভৌমত্ব রক্ষা এবং এর কাছে বিচার বিভাগের জবাবদিহির জন্য সরকারকে 'সহযোগিতা' করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি।
দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, "১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করলেই সংসদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে।"
"সংসদের সার্বভৌমত্ব রক্ষা এবং এর কাছে বিচার বিভাগের জবাবদিহিতার ব্যাপারে বিএনপি সরকারকে সহযোগিতা করবে" বলেও আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন 'শহীদ জিয়ার রাজনীতি এবং বাংলাদেশের গণতন্ত্র' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
গত ২০ ডিসেম্বর আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটি চাইলে যে কোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে- এমন একটি আইনের খসড়া আইন মন্ত্রণালয় তৈরি করেছে।
তার ওই বক্তব্যের পর থেকেই সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহিতা নিয়ে বিতর্ক চলছে।
২১ ডিসেম্বর কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগ কার কাছে জবাবদিহি করবে সে বিষয়ে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এরপর ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকরা এ বিষয়ে তাদের মত প্রকাশ করেন। সভায় বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়।
পরদিন ৪ জানুয়ারি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলাদেশের সংসদ সার্বভৌম এবং সংসদের কাছে জবাবদিহি করতে সবাই বাধ্য।
বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল প্রসঙ্গে গত ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আদালতের রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় বাহাত্তরের সংবিধান স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। আর সেক্ষেত্রে ৯৬ অনুচ্ছেদও পুনর্বহাল হবে।
১৫ জানুয়ারি প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এক অনুষ্ঠানে বলেন, "রাষ্ট্রের তিনটি অঙ্গ- আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ একে অপরের পরিপূরক। কেউ কারো ওপরে নয়।"
প্রধান বিচারপতির ওই বক্তব্যের জবাবে সোমবারের আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ বলেন, "সরকার এক দলীয়ভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করায় প্রধান বিচারপতির হয়তো মনে হয়েছে সংসদ সার্বভৌম নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২০১০ ঘ.
bdnews24