২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চট্টগ্রাম সিলেটে ভোট কারচুপির শঙ্কা বিএনপির

পৌর নির্বাচনের প্রথম দুই পর্যায় নিয়ে সন্তুষ্ট বিএনপি আশঙ্কা করছে, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভোট কারচুপি হতে পারে। এজন্য কয়েকটি পৌরসভায় সেনা মোতায়েনের দাবি আবার জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনের প্রথম দুই পর্যায় নিয়ে সন্তুষ্ট বিএনপি আশঙ্কা করছে, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভোট কারচুপি হতে পারে। এজন্য কয়েকটি পৌরসভায় সেনা মোতায়েনের দাবি আবার জানিয়েছে তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, "স্থানীয় প্রশাসন ও পুলিশ ক্ষমতাসীন দলের ভয়ভীতিতে নির্বিকার হয়ে আছে। সরকার প্রশাসনকে ব্যবহার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করছে বলেই আমরা অতি দ্রুত ওই সব এলাকায় সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি।" বিএনপি যে সব পৌরসভায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছে, সেগুলো হচ্ছে- গাজীপুর, গোপালপুর, রাঙ্গুনিয়া, রাউজান, টেকনাফ, দেওয়ানগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, নগরকান্দা, চৌহমুনী, মতলব, ছেংগারচর ও কচুয়া। আগামী সোমবার ঢাকা এবং মঙ্গলবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের পৌরসভাগুলোতে ভোটগ্রহণ হবে। বিএনপির দাবি করা পৌরসভাগুলোর মধ্যে কয়েকটিতে সেনা মোতায়েন ইতোমধ্যে হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বিরক্ত হয়ে সেনা মোতায়েন করেছি- প্রধান নির্বাচনে কমিশনারের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল বলেন, "যে কারণে আমরা সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি, তার দূর করলে আমরা সেনা মোতায়েন চাইতাম না। সিইসি কি চান- আওয়ামী লীগ অনাচার করে ভোট কারচুপি করুক। উনি যদি তা না চান, তবে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা দূর করতে সেনা মোতায়েন করবেন।" এছাড়াও মুন্সীগঞ্জ পৌর সভার পাঁচঘড়িয়াকান্দি সদর প্রাথমিক বিদ্যালয়, রমজান বেগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী সুবেদ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের আশঙ্কা করছে বিএনপি। নজরুল অভিযোগ করেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভায় সরকারি দল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। বিএনপি সমর্থিত প্রার্থী ও কর্মীদের হুমকি ও মারধর করছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.