চট্টগ্রাম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বরিশাল ও খুলনা বিভাগের পৌর নির্বাচনে 'কারচুপি' করে ফলাফল পাল্টে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার দুপুরে নগরীর নাসিমন ভবনে মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ফারুক বলেন, "রাজশাহী ও রংপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পর সরকার বরিশাল ও খুলনা বিভাগের পৌরসভা নির্বাচনের ফলাফল পাল্টে দিয়েছে।"
জ্যেষ্ঠ এই বিএনপি নেতা অভিযোগ করেন, সরকারি দলের আচরণের কারণে সংসদে কথা বলা যায় না, মানববন্ধনও করা যায় না। এমনকি পল্টনেও সমাবেশ করা যায় না।
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, এভাবে চলতে থাকলে এই চট্টগ্রাম থেকেই 'সরকার পতনের' আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম প্রমুখ।
এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/১৯৪৭ ঘ.
bdnews24