ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনের ভোট গণনায় কোনো ধরনের 'কারচুপি' হলে গণবিক্ষোভ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিঙে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, "কিছু অনিয়ম ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। আমরা চাই ভোট গণনা সঠিকভাবে হোক, যাতে জনগণের রায়ের যথাযথ প্রতিফলন ঘটে। গণনায় কারচুপি করা হলে কিংবা জনগণের রায় পাল্টানো হলে ভোটকেন্দ্রের বাইরে গণবিক্ষোভ হতে পারে বলে আমরা শঙ্কিত।"
পৌর নির্বাচন মনিটরিং সেলের প্রধান নজরুল ইসলাম খান এর আগে এক ব্রিফিঙে বলেছিলেন, দুপুর পর্যন্ত নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। তবে কয়েকটি স্থানে বিএনপি সমর্থক প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
বুধবার রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে।
নির্বাচনে কোনো ধরনের সংঘাত না হলেও কয়েকটি স্থানে বিধি ভঙ্গের দায়ে কয়েকজনকে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়। সিরাজগঞ্জে সংসদ সদস্য রোমানা মাহমুদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
দেশে সর্বশেষ পৌর নির্বাচন হয়েছিলো ২০০৪ সালের মে মাসে। বছর দুয়েক আগে অধিকাংশ পৌরসভা নির্বাচনের মেয়াদোত্তীর্ণ হয়।
এ দফায় পাঁচ দিনে সারাদেশে আড়াই শতাধিক পৌরসভায় নির্বাচন হচ্ছে। ১৩ জানুয়ারি খুলনা ও বরিশাল বিভাগে, ১৭ জানুয়ারি ঢাকা বিভাগে, ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ২৭ জানুয়ারি বিভিন্ন স্থানে কয়েকটি পৌরসভায় নির্বাচন হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, কোনো কোনো ভোট কেন্দ্রে প্রার্থীর একজন এজেন্টকে রেখে অপর সব এজেন্টকে বের করে দিয়ে ভোট গণনা হচ্ছে। এতে নির্বাচনের ফলাফল পাল্টানোর সুযোগ থাকে। গত জাতীয় নির্বাচনেও এভাবেই ফল পাল্টানো হয়েছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করেন তিনি।
এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান ভোটগ্রহণের সময় কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও রাজশাহীর গোদাগাড়ীতে দলীয় নেতা-কর্মীদের ওপর সরকারি দলের কথিত ক্যাডারদের হামলার ঘটনার উল্লেখ করেন।
তিনি আরো অভিযোগ করেন, বরিশালের বানারীপাড়ায় পৌর বিএনপির সভাপতি খলিল চোকদারকে সকালে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ভোটের আগে এভাবে গ্রেপ্তার সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
এক প্রশ্নের জবাবে বিএনপির পৌর নির্বাচন মনিটরিং সেলের প্রধান বলেন, "নির্বাচনের একদিন আগে পৌর সভাপতিকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এরপরও নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলছেন, সরকার পৌর নির্বাচনকে প্রভাবিত করার কোনো চেষ্টা করছে না। এভাবে গ্রেপ্তার করাটা কি প্রভাব বিস্তারের পর্যায়ে পড়ে না?''
প্রেস ব্রিফিঙে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম এ কাইয়ুম, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, সাধারণ সম্পাদক শরফত আলী সপু, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১৮ ঘ.
bdnews24