২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচনে কারচুপির সুযোগ নেই: হানিফ

পৌরসভা নির্বাচনে কারচুপির কোনো সুযোগ থাকবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে কারচুপির কোনো সুযোগ থাকবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ। মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সহযোগী সংগঠন কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি জানান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হানিফ বলেন, "পৌর নির্বাচনে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব রকম পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।" নির্বাচনে বিএনপি'র কারচুপির আশঙ্কা প্রকাশ নিয়ে তিনি বলেন, "নির্বাচনে পরাজিত হলে কারচুপির অভিযোগ, আর বিজয়ী হলে সুষ্ঠু হয়েছে- এমন মাসসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে কারচুপির কোনো চিহ্ন পাওয়া যাবে না।" এর আগে সন্ধ্যায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে। বিরোধী দলের প্রার্থীদের হুমকি দিচ্ছে, মারধর করছে। বুধবার সারাদেশে পৌর নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। কৃষক লীগের সভাপতি মির্জা এম এ জলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, সহ-সভাপতি এম এ ওদুদ, জাহাঙ্গীর আলম, ছবি বিশ্বাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/পিডি/২১২৭ ঘ.