ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের বিগত দুই বছরকে 'সাফল্য, উন্নয়ন ও অগ্রগতির' বছর আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় সরকার সমর্থক ছাত্র সংগঠনটির ঢাবি শাখা এ সমাবেশের আয়োজন করে।
টিএসসির ডাস'র সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
পরে এক সমাবেশে ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ছাত্রলীগ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার 'সুষ্ঠু পরিবেশ' বজায় রেখেছে।
তিনি সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রলীগ কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
রোটন বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এই সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ক্ষমতায় গেলে এর সব কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করবেন বলে জানিয়েছেন। তবে আসল কথা হলো বিগত নির্বাচনে দেশের জনগণ তাকেই (খালেদা) অবৈধ ঘোষণা করেছিল।
ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশার পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।
এদিকে রাস্তা বন্ধ করে ছাত্রলীগের অভিনন্দন মিছিল ও সমাবেশের কারণে টিএসসি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৪৮ ঘ.
bdnews24