পিরোজপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঠবাড়িয়া পৌরসভায় সরকারি দল সমর্থিত মেয়র প্রার্থী রফি উদ্দিন ফেরদৌসের সমর্থকরা প্রতিপক্ষের সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকালে পৌর এলাকায় এ হামলায় আহত হন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কে এম হুমায়ুন কবিরের সমর্থক জামাল হোসেন (৩৫)।
তাকে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর প্রতিপক্ষের লোকজন ফেরদৌসের সমর্থক কামাল মোল্লা নামের একজনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে তার কর্মী জামাল হোসেনকে প্রতিপক্ষ ফেরদৌসের দুই সমর্থক কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে ফেরদৌসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৮ ঘ.
bdnews24