চাঁদপুর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে চাঁদপুর পৌরসভার ২২ জন কাউন্সিলর প্রার্থীকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন সাক্ষরিত এ নোটিশ প্রার্থীদের পাঠানো হয়। নোটিশপ্রাপ্ত ২১ জন কাউন্সিলর প্রার্থী এবং একজন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী।
মোজাম্মেল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতীক বরাদ্দ দেওয়ার আগেই পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন ওই প্রার্থীরা।
আগামী ২৭ জানুয়ারি চাঁদপুর পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে নয় জন, মহিলা কাউন্সিলর পদে ৩১ জন ও কাউন্সিলর পদে ১০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৭২৪ ঘ.
bdnews24