ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেকে সুস্থ দাবি করে চিকিৎসা নিতে অনাগ্রহ দেখিয়েছেন বলে দাবি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ; যদিও বিএনপির এ নেতার পরিবার তার অসুস্থতার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
যুদ্ধাপরাধে অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদেরকে মঙ্গলবার নারায়ণগঞ্জ কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। সেখান থেকে সেদিনই তাকে পুনরায় কারাগারে ফেরত নেওয়া হয়।
কারাগারে তার সুচিকিৎসা হচ্ছে না অভিযোগ করে সালাউদ্দিন কাদেরের মেয়ে ফারজিদ কাদের মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "বাবার (সাকা চৌধুরী) দুইবার হার্ট অ্যাটাক হয়েছে। ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি গুরুতর অসুস্থ। তার কোনো চিকিৎসা কারাগারে হচ্ছে না। আমরা বাবার জীবন নিয়ে উদ্বিগ্ন।"
তবে তার এ অভিযোগ 'অমূলক' বলে উড়িয়ে দিয়েছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভূঁইয়া।
তিনি বুধবার সাংবাদিকদের বলেন, "উনাকে (সালাউদ্দিন) হাসপাতালে চিকিৎসা সেবা দিতে চইলে তিনি বলেন, তার কোনো শারীরিক সমস্যা নেই, তাই চিকিৎসারও প্রয়োজন নেই। আমরা ল্যাবে তার কিছু পরীক্ষা করতে চাইলে তাতেও তিনি রাজি হননি। তাকে ভর্তির কথা বললেও তিনি আগের মতোই বলেন, তার কোনো সমস্যা নেই, ভর্তির প্রয়োজন তিনি দেখছেন না।"
"কেউ নিজেকে সুস্থ দাবি করলে জোর করে তাকে চিকিৎসা দেওয়া যায় না", বলেন তিনি।
সালাউদ্দিন চৌধুরীর চিকিৎসার জন্য ডা. আফরোজা বেগমকে প্রধান করে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয় বলে জানান পরিচালক।
বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসার ওপর সালাউদ্দিন আস্থাহীনতা প্রকাশ করেছেন কিনা- জানতে চাওয়া হলে তিনি বলেন, "গত কয়েক বছরে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখান থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। আমাদের সেবার মান নিয়ে প্রশ্ন তোলেননি। "
আব্দুল মজিদ জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সালাউদ্দিন কাদেরকে হাসপাতালে আনা হয়। এর আগে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষ চিঠি পাঠায়।
সালাউদ্দিনের স্ত্রীর একটি রিট আবেদনে সোমবার হাইকোর্ট সালাউদ্দিনকে চিকিৎসার জন্য দুই দিনের মধ্যে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। তবে সরকারের আবেদনে মঙ্গলবার সে আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে গত ১৬ ডিসেম্বর ভোররাতে গ্রেপ্তার করা হয়। গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও পরে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে আটক দেখানো হয়।
২৬ ডিসেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১২১০ ঘ.
bdnews24