২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে হাসপাতালে নেওয়ার আদেশ স্থগিত

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাসপাতালে স্থানান্তরের জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো, তাতে স্থগিতাদেশ এসেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 08:43 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাসপাতালে স্থানান্তরের জন্য হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো, তাতে স্থগিতাদেশ এসেছে। সরকারের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এসকে সিনহা মঙ্গলবার হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। সোমবার হাইকোর্টের বিচারপতি মো. মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সালাউদ্দিনের স্ত্রী ফরহাত কাদের চৌধুরীর রিট আবেদনে বিএনপি নেতাকে দুই দিনের মধ্যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার আদেশ দেয়। মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে শুনানিতে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করেননি। "এ রিট আবেদনটি অচল", বলেন তিনি। সালাউদ্দিনের পক্ষে খোন্দকার মাহবুব হোসেন বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ইতোমধ্যে নারায়ণগঞ্জ কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাইকোর্টের আদেশ কার্যকর হয়ে গেছে। তাই এতে স্থগিতাদেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে শুনানির পর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন বলে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানিয়েছেন। ফরহাত কাদের চৌধুরী রোববার রিট আবেদনটি করেন তার স্বামীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের বিশেষায়িত হাসপাতালে নেওয়ার নির্দেশ চেয়ে। সালাউদ্দিনকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তির পাশাপাশি প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারকে তার কারণ জানাতে বলে হাইকোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে গত ১৬ ডিসেম্বর ভোররাতে গ্রেপ্তার করা হয়। গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও পরে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে আটক দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.