২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বিএনপি নেতার আগাম জামিন

জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপির ছয় নেতার বিরুদ্ধে দায়ের পৃথক মামলায় তাদেরকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিরউদ্দিন সরকার, আখতার হামিদ সিদ্দিকী ও খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপির ছয় নেতার বিরুদ্ধে দায়ের পৃথক মামলায় তাদেরকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এসব মামলায় তাদেরকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি রেজাউল হাসানের বেঞ্চ ছয়জনের পৃথক আবেদনে এ আদেশ দেয়। অপর তিন জন হলেন- সাবেক সংসদ আমানউল্লাহ আমান, নাজিম উদ্দীন আলম ও সেচ্ছাসেবক দলের নেতা হাবিবুন নবী সোহেল। গত ২৮ ডিসেম্বর জমিরউদ্দিন, আখতার হামিদ, দেলোয়ার হোসেন এবং জাতীয় সংসদের তৎকালীন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলামের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুলিশের বাধা উপেক্ষা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশের অভিযোগে আমান, সোহেল ও নাজিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ১৯ ডিসেম্বর মামলাটি দায়ের করে বিমান বন্দর (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষ। বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এমকে রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৪৮ ঘ.