'সরকার এক দলীয় নির্বাচন করতে চায়'
পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী-সমর্থকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপি বলছে, সরকার এক দলীয় নির্বাচন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী-সমর্থকদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে বিএনপি বলছে, সরকার এক দলীয় নির্বাচন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "দেশের বিভিন্ন স্থানে দলীয় প্রার্থী ও সমর্থকদের সরকারি দলের সন্ত্রাসীরা অপহরণ করছে। প্রতিনিয়ত এই রকম ঘটনা ঘটছে। অনেককে ধরে নিয়ে তারা হত্যা করছে। এভাবে তারা এক দলীয় নির্বাচন অনুষ্ঠানের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।"
দেশের আড়াইশর বেশি পৌরসভার নির্বাচন শুরু হচ্ছে আগামী ১২ জানুয়ারি। এছাড়া জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে উপনির্বাচন হবে আগামী ২৭ জানুয়ারি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, "খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শ্রমিকদল সভাপতি সিরাজুল ইসলামকে অপহরণ করে আওয়ামী লীগের ক্যাডাররা হত্যা করেছে।"
তিনি জানান, বিভিন্ন স্থান থেকে অপহরণ ও হত্যার তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে গণমাধ্যমকে নিয়মিত অবহিত করা হবে।
অন্ধ কল্যাণ সংস্থার মহাসচিব দৃষ্টিপ্রতিবন্ধী খলিলুর রহমান ও রমনা থানা কমপ্লেক্স মসজিদের ইমাম মোহাম্মদ ইসহাকের হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, "এভাবে সরকারি দল অন্ধ, প্রতিবন্ধী, ইমাম যারাই জাতীয়তাবাদী দলের সমর্থক, তাদের অপহরণ কিংবা গুম করে হত্যা করছে।"
এক প্রশ্নের জবাবে রিজভী জানান, পৌর নির্বাচনে বিএনপির একক প্রার্থী অংশ নিচ্ছে। এ নিয়ে কোথাও বিরোধ নেই। কিন্তু মহাজোট দেশের বিভিন্ন স্থানে একক প্রার্থী দিতে পারছে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, কৃষক দলের যুগ্ম সম্পাদক তকদির হোসেন মো. জসিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪১১ ঘ.
