২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রপ্রার্থীসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরের সরিষাবাড়িতে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী ফায়েজুল কবির তালুকদার শাহীনসহ দলের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

জামালপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের সরিষাবাড়িতে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী ফায়েজুল কবির তালুকদার শাহীনসহ দলের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও দলের সমর্থিত মেয়রপ্রার্থী নূরে আলম বাবুর কাছে চাঁদা চাওয়ার অভিযোগে রোববার মামলাটি করেন স্থানীয় যুবলীগের সদস্য সেলিম রেজা। মামলায় অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। সরিষাবাড়ি থানার ওসি (তদন্ত) আসলাম উদ্দিন মিয়া সাংবাদিকদের জানান, শনিবার সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে মেয়রপ্রার্থী নূরে আলম ও পুলিশ কনস্টেবল দেলোয়ার হোসেনসহ ১০ জন আহত হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। ওসি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মেয়রপ্রার্থী ফায়েজুল দলবল নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নূরে আলম বাবুর কাছে মোটা অংকের টাকা চাঁদা চান। চাঁদা না পেয়ে তার ওপর হামলা এবং উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে তারা। পুলিশ কর্মকর্তা জানান, দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.