২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই আসনে ১১ জনের মনোয়নপত্র জমা

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ১১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ১১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে হবিগঞ্জে জমা দিয়েছেন- জেলা আওয়ামী লীগ সভাপতি মুশফিক হোসেন চৌধুরী ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোয়নপত্র জমা নেওয়া হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সিলেটের উপ-নির্বাচন কমিশনার মো. এমরান মিয়া। অপর দিকে ব্রাহ্মণবাড়িয়ায় জামা দিয়েছেন- প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি'র সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল। দুপর থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেন বলে জানিয়েছেন উপ-নির্বাচন কমিশনার (কুমিল্লা অঞ্চল) মো. আনোয়ার হোসেন। আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে হবিগঞ্জ-১ আসনটি শূন্য হয়। নবম সংসদে এই আসনে ফরিদ গাজী বিএনপিদলীয় প্রার্থী সুজাত মিয়াকে হারিয়ে নির্বাচিত হন। গত ১৯ নভেম্বর এই প্রবীণ আওয়ামী লীগ নেতা মারা যান। একই বছর ২২ নভেম্বর মারা যান ক্ষমতাসীন দলের আরেক সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চু। এই সাংসদ মারা যাওয়ার পর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আগামী ২৭ জানুয়ারি এই দুই আসনে উপ-নির্বাচনের ভোট নেওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১১ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিনিধিদের পাঠানো খবর: হবিগঞ্জ: দুপুরে উপ-নির্বাচন কমিশনার মো. এমরান মিয়ার হাতে মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মুশফিক হোসেন। এসময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক সংসদ সদস্য মো. আবু জাহির ও সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান প্রমখ। বিএনপি মনোনীত প্রার্থী শেখ সুজাত মিয়া দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমামেনর কাছে মনোনয়নপত্র জমা দেন। অন্যদের জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এম এ মুনিম চৌধুরী বাবু, খেলাফত মজলিসের আব্দুল কাইয়ুম জাকি, কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ ও জমিয়তে উলামায়ে ইসলামীর আব্দুল মালেক চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। ব্রাহ্মণবাড়িয়া: পৌরসভা ও সদরের আটটি ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। রোববার বিকালে আওয়ামী লীগ মনোনীত প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি'র সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল, জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সেক্রেটারি নিয়াজুল করিম ও স্বতন্ত্র জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র দাখিল করেন। উপ-নির্বাচন কমিশনার (কুমিল্লা অঞ্চল) মো. আনোয়ার হোসেন জানান, বিকাল ৫টা পর্যন্ত পাঁচজনের মনোনয়নপত্র পেয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১২ ঘ.