ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
পাশাপাশি ওই পৌরসভার ভোটার তালিকায় আটকে পড়া পাকিস্তানিদের নাম অন্তর্ভুক্ত করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না নির্বাচন কমিশনকে (ইসি) তার কারণ জানাতে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ওই পৌরসভার বাসিন্দা অ্যাডভোকেট আরিফুন্নাহারের দায়ের করা এক রিট আবেদনে এ আদেশ দেয়।
আগামী ১২ জানুয়ারি সৈয়দপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ছবিসহ ভোটার তালিকা প্রণয়নকালে আদালতের নির্দেশ মেনে ইসি ২০০৮ সালে আটকে পড়া পাকিস্তানীদের তালিকাভুক্ত করে।
আবেদনকারীর পক্ষে শুনানি করে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
এর আগে দুপুরে ঝিনাইদহ ও রামগড় পৌরসভার নির্বাচন বাতিল করে ইসি।
এ হিসাবে আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের ২৫৬টি পৌরসভায় নির্বাচন হবে।
এর আগে ২ ডিসেম্বর ২৬৯ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৭ ডিসেম্বর ১১টি পৌরসভা বাদ দিয়ে ও চারটি যোগ করে নির্বাচনযোগ্য পৌরসভার সংখ্যা দাঁড়ায় ২৬২। পরে কুষ্টিয়া ও নড়াইলের লোহাগড়ার নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের হলেও পুনতফসিল হয়নি এখনো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/আরএ/এমআই/১৮৩৭ ঘ.
bdnews24