ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও একেএম আব্দুল হাকিমের বেঞ্চ সাঈদীর আবেদনে এ আদেশ দেয়।
সাঈদীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল দেলোয়ার হোসেন সমাদ্দার।
এ মামলায় মঙ্গলবার সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে।
আদেশের পর সহকারী অ্যাটর্নি জেনারেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আদেশ স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করা হবে।
গত বছরের ১৯ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মাসুমা খাতুন।
মামলায় বলা হয়, সাঈদী ২০০২ থেকে ২০১০ পর্যন্ত করবর্ষে সাঈদী ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার কর ফাঁকি দিয়েছেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গত ৩০ জুন গ্রেপ্তার করা হয়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৩২ ঘ.
bdnews24