হবিগঞ্জ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের উপ-নির্বাচন কমিশনার মো. এমরান মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী ডা. মুশফিক হোসেন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।
এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুনিম বাবু, খেলাফত মজলিসের আব্দুল কাইয়ুম জাকি এবং কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেব নাথ মনোনয়নপত্র জমা দেন।
হবিগঞ্জ-১ আসনে আগামী ২৭ জানুয়ারি উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১১ জানুয়ারি।
নবম সংসদে এই আসনে সরকার দলীয় সাংসদ দেওয়ান ফরিদ গাজী বিএনপি দলীয় প্রার্থী সুজাত মিয়াকে হারিয়ে নির্বাচিত হন।
গত ১৯ নভেম্বর প্রবীণ আওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজী মারা যান।
এই সংসদ মারা যাওয়ার পর সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫৮ ঘ.
bdnews24