২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের শোভাযাত্রায় পুলিশের লাঠিপেটা

মানিকগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় শনিবার পুলিশের লাঠিপেটায় সংগঠনটির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

মানিকগঞ্জ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় শনিবার পুলিশের লাঠিপেটায় সংগঠনটির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের একটি পিকআপ ও দোকাপাটে ভাংচুর চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে আটক করেছে। দুপুর ২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে জেলা ছাত্রদলের একটি অংশের নেতাকর্মীরা একটি আনন্দ শোভাযাত্রা শুরু করেন। এটি শহীদ রফিক সড়কে দলীয় কার্যালয়ের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ লাঠিপেটা করে এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশের একটি পিকআপ এবং আশেপাশের ৭/৮টি দোকানে ভাংচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আইনজীবী সমিতি মিলনায়তনে দলীয় পতাকা উত্তোলন করে, পায়রা উড়িয়ে ও কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল হামিদ ডাবলু। ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য তানিম ইকবাল রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিলুর রশিদ খান, আতাউর রহমান আতা, এসএ কবির জিন্নাহ, আজাদ হোসেন খান, আসাদুজ্জামান খান, আব্দুস সালাম বাদল প্রমুখ। জেলা বিএনপি নেতা জামিলুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ বাধা দেওয়ায় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় তাদের মিছিল করতে দেওয়া হয়নি। পুলিশের উপর নেতাকর্মীরা হামলা করায় তাদের লাঠিপেটা করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এদিকে, সকালে ছাত্রদলের আরেকটি গ্র"প একটি আনন্দ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে তারা দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন- ফারুক হোসেন বাবু, তুহিনুর রহমান তুহিন, হাবু ভূইয়া, মোস্তাফিজুর রহমান প্রিন্স, লুৎফর রহমান দিপু, জিন্নাহ খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১১ ঘ.