ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ এ রায় দেয়।
তাপসের পক্ষে আইনজীবী মেহেদী হাসান এবং দুদকের পক্ষে মিজানুর রহমান শুনানিতে অংশ নেন। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ।
মুক্তিযোদ্ধার সন্তান কোটায় রাজউকের প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে তাপস মিথ্যা তথ্য দিয়েছেন অভিযোগে ২০০২ সালের ৭ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মতিঝিল থানায় এ মামলা করে।
তাপসের মামলা বাতিল করার আবেদনে ২০০২ সালের ২৫ অগাস্ট মামলার কার্যক্রম স্থগিত করে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
চূড়ান্ত শুনানি শেষে মামলাটি বাতিল করলো হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএনএস/এমআই/২২০৭ ঘ.
bdnews24