ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগকর্মী ইব্রাহীম হত্যা মামলায় সংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের সহযোগী মাজহারুল ইসলাম মিঠুকে আরো তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে (সিআইডি)।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোস্তফা শাহরিয়ার খান এ অনুমতি দেন।
মিঠুকে সাতদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি খোন্দকার আবদুল হালিম।
গত ২৪ সেপ্টেম্বর মিঠুকে তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনমুতি দেয় একই আদালত।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের গাড়িতে তার নিবন্ধিত পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট ঢাকায় ইব্রাহীম আহমেদের মৃত্যু হয়।
এতে শাওনের জড়িত থাকার অভিযোগ এলেও ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বারবার বলে আসছেন, ওই ঘটনায় শাওনের কোনো সম্পৃক্ততা নেই।
ইব্রাহীম হত্যামামলার তদন্ত নিয়ে গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হলে মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হয়।
ইব্রাহীমের মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন শাওনের গাড়িচালক কামাল আহমেদ ওরফে কালা।
এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট।
গোয়েন্দা পুলিশ তদন্ত কালে ২৯ আগস্ট কালা এবং শাওনের ব্যক্তিগত সচিব সোহেল আহমেদকে গ্রেপ্তার করে।
গত ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/পিডি/২০৩৬ ঘ.
bdnews24