ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সব সাংসদ এবং জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারিদের মিষ্টি খাইয়েছেন সাংসদ কামাল আহমেদ মজুমদার।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে মাগরিবের আযানের পর লবিতে সবাইকে মিষ্টিমুখ করান ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল। মাগরিবের নামাজের বিরতির আগে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলির সদস্য সৈয়দ আলী আশরাফ সবাইকে মিষ্টি খাওয়ার আমন্ত্রণ জানান।
নামাজের বিরতির আগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আলী আশরাফ বলেন, "প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কামাল আহমেদ মজুমদার সবাইকে মিষ্টিমুখ করাবেন।" তিনি মাগরিবের নামাজের পর সাংসদ এবং সংসদের কর্মকর্তা ও কর্মচারিদের লবিতে যাওয়ান আমন্ত্রণ জানান।
এর আগে সংসদ অধিবেশনের সংবাদ পরিবেশনে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের জন্য জাতীয় সংসদের সাংবাদিক লবিতে মিষ্টি পাঠিয়ে দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৪৭
bdnews24