চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে সোমবার রাতে যুবলীগের দুই গ্র"পের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
নিহত এনামুল হক এনাম (৩৫) সীতাকুণ্ড পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বর্ধিতকরণ কাজে বালু সরবরাহ নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বর্ধিতকরণ কাজে বালু সরবরাহ নিয়ে নিহত এনামুলের সমর্থক ও যুবলীগ কর্মী মনা সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিলো।
এর জের ধরে রাত সাড়ে সাতটার দিকে পন্থিছিলা এলাকায় যুবলীগ কর্মী মনা ও তার সহযোগীরা এনামুলের উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপানোর পর পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে সেখানে রাত সাড়ে নয়টায় তার মৃত্যু হয়।
এদিকে হামলার পরপর এনাম সমর্থকরা পন্থিছিলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘন্টা পর পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ময়নাতদন্তের জন্য লাশ চমেক মর্গে আছে।
ওসি নূর মোহাম্মদ জানান, ঘটনার পর যুবলীগ নেতা মনা পালিয়ে গেছে। তাকেসহ অন্য হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/০০৪০ঘ.
bdnews24