নেত্রকোনা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনায় এক স্কুলশিক্ষিকাকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবলীগকর্মীর বিরুদ্ধে।
শনিবার পূর্বধলা উপজেলার জগৎমনি উচ্চ বিদ্যালয় ফটক থেকে ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে তুলে নিয়ে যাওয়া হয়।
অপহরণের দুইঘণ্টা পর পুলিশ যুবলীগকর্মী শাজাহানকে গ্রেপ্তার এবং ওই শিক্ষিকাকে উদ্ধার করে।
শাজাহান পূর্বধলা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সম্পাদক এরাশাদ হোসেন মালুর ছোট ভাই।
এদিকে ওই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ এবং উপজেলা চেয়ারম্যানের ঘরবাড়ি ভাংচুর করেছে।
পূর্বধলা থানার ওসি মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষিকাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শাহজাহান।"
পরে অভিযান চালিয়ে দুইঘণ্টা পর আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামের বারেকের বাড়ি থেকে শাজাহানকে গ্রেপ্তার এবং ওই শিক্ষিকাকে উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, নিরাপত্তার কারণে শাজাহানকে থানায় না এনে পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলার প্রস্তুতি চলছে।
তিনি বলেন, অপহরণের কথা ছড়িয়ে পড়লে এলাকাবাসী জগৎমনি উচ্চ বিদ্যালয় সামনে হুগলা সড়কে গাছ ফেলে তিনঘণ্টা অবরোধ করে। এত পর্যায়ে তাদের একদল মিছিল নিয়ে চেয়ারম্যান মালুর সরকারি বাসভবন ঘেরাও করে ব্যাপক ভাংচুর চালায়।
পুলিশ সুপারিনটেনডেন্ট শেখ নাজমুল আলম বলেন, অপহরণকারী শাজাহানের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য পূর্বধলা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/১৯৪০ ঘ.
bdnews24