২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংসদ সদস্যরা প্রশাসনে হস্তক্ষেপ করছেন'

সংসদ সদস্যরা প্রশাসনের ওপর হস্তক্ষেপ এবং বিভিন্ন সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 11:44 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যরা প্রশাসনের ওপর হস্তক্ষেপ এবং বিভিন্ন সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স'র সম্মেলন কক্ষে সুজনের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে একথা বলেন সুজন সভাপতি। বর্তমান সংসদকে কোটিপতিদের ক্লাব হিসেবে অভিহিত করেন অধ্যাপক মোজাফফর। তিনি বলেন, "নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাবে দেখা গেছে সেখানে অধিকাংশই কোটিপতি। "কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষই দরিদ্র। এ বিষয়টিও এসব কোটিপতি সংসদ সদস্যদের মনে রাখতে হবে।" নির্বাচনী ইশতেহারের বাইরের কাজ ও নেয়া সুযোগ-সুবিধার জন্য জনগণের কাছে সাংসদদেও জবাবদিহি করতে হবে বলে স্মরণ করিয়ে দেন সুজন সভাপতি। জাতীয় সংসদে গণমাধ্যম বিষয়ে নেতিবাচক বক্তব্য উপস্থাপনেরও সমালোচনা কওে অধ্যাপক মোজাফফর বলেন, "প্রতিবাদেরও ভাষা রয়েছে। কিন্তু এ বিষয় নিয়ে একটি বিশেষ স্থানে বিষোদগার অত্যন্ত দুঃখজনক। আমরা এর প্রতিবাদ জানাই।" সুজন সভাপতি শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ সৃষ্টি এবং সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিভিন্ন স্থানে সরকারদলীয় সংসদ সদস্যদের হাতে ৩০ জন সাংবাদিক নিগৃহীত হয়েছে বলে অনুষ্ঠানে জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সিপিবি'র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমও বক্তব্য দেন। এছাড়া উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, মানিকগঞ্জের উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ, গাইবান্ধার উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন অপু এবং ইউনিয়ন পরিষদ ঐক্যজোটের মহাসচিব মতিউর রহমান তপন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৩৯ ঘ.