২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষমন্ত্রীর কাজে 'হস্তক্ষেপ' করছে সংসদীয় কমিটি

মন্ত্রণালয়ের কাজে সংসদীয় কমিটি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী জিএম কাদের। কামরান রেজা চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রণালয়ের কাজে সংসদীয় কমিটি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী জিএম কাদের। গত ১৯ সেপ্টেম্বর সংসদীয় কমিটির প্রধান মোশাররফ হোসেনের কাছে এক চিঠিতে বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী অভিযোগ করেন, সংসদীয় স্থায়ী কমিটির সভায় তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে 'আক্রমণাত্মক ও উস্কানিমূলক' কথাবার্তা বলা হয়। এছাড়া সংসদীয় কমিটির বেশকিছু সুপারিশে 'স্বৈরাচারী' মনোভাবের প্রকাশ ঘটেছে বলেও মনে করেন তিনি। সংসদীয় কমিটির কার্যক্ষমতা শুধু সুপারিশ করার মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য কমিটি প্রধানের সহায়তা চাওয়া হয় ওই চিঠিতে। তিনি বলেন, কমিটিতে করা আলোচনা এবং এতে ব্যবহৃত বেশ কিছু শব্দ সংসদীয় আচরণবিধিতে 'অগ্রহণযোগ্য'। সংসদীয় কমিটির সর্বশেষ সভার দুদিন আগে পাঠানো এ চিঠি পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী জিএম কাদের। এর অনুলিপিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংগ্রহে রয়েছে। তবে কমিটির প্রধান মোশাররফ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমন কোনো চিঠি তখন পর্যন্ত পাননি তিনি। যদিও সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীর চিঠি কমিটির সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে জাতীয় পার্টির একমাত্র মন্ত্রী জিএম কাদের। আওয়ামী লীগের গত মেয়াদে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ছিলেন মোশাররফ। জিএম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২১ সেপ্টেম্বর কমিটির ২০তম সভায় এ চিঠি নিয়ে কমিটির কয়েকজন সদস্য আলোচনা করেছেন।" তিনি বলেন, ১৯তম সভায় (১২ অগাস্ট অনুষ্ঠিত) কয়েকজন সদস্য তার অনুপস্থিতিতে কিছু 'অসত্য ও অসংযত' মন্তব্য করেছেন। "সভার কার্যবিবরণী থেকে আমি এগুলো সম্পর্কে জানতে পারি", বলেন মন্ত্রী। কমিটির সদস্য জাসদ নেতা মহিউদ্দিন খান বাদলের বিরুদ্ধেই মূলত অভিযোগ করেন তিনি। বেশ কয়েকবার জনসমক্ষে মন্ত্রীর কাজের সমালোচনা করেছেন বাদল। ২১ অগাস্টের সভার পর বাদল অবশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রণালয়ের কোনো কাজে বাধা দেয়নি সংসদীয় কমিটি।" জি এম কাদেরের পাঠানো চিঠিতে বলা হয়, "আলোচনার কোনো কোনো বক্তব্য উস্কানিমূলক, বিদ্বেষাত্মক ও অসংযত। যেমন: বেশি করে উড়োজাহাজ সংগ্রহ করে হজ অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়নি কেন, তা তিনি জানতে চান।" আসন্ন হজ মৌসুমে নাইজেরিয়ার ক্যাবো এয়ারের পুরানো বিমানে হজযাত্রীদের পরিবহনের অনুমতি দেওয়ার জন্য মন্ত্রী জিএম কাদের ও সংসদীয় কমিটির মধ্যে তিক্ত সম্পর্ক চলছে। হজযাত্রীদের পরিবহনের জন্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের নিবন্ধন ছাড়া ক্যাবো এয়ারের ২৬ বছরের পুরানো বিমান লিজ নিতে সুপারিশ করে সংসদীয় কমিটি। তবে ক্যাবোর বিমানগুলো ঝুঁকিপূর্ণ বলে ঢাকা থেকে উড্ডয়নের জন্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের নিবন্ধনবিহীন এ কোম্পানির জন্য সুপারিশ প্রত্যাখ্যান করেন মন্ত্রী। বাংলাদেশ থেকে উড্ডয়নের জন্য যেকোনো বিমানকে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের নিবন্ধনভুক্ত হতে হয়। তবে ২০ বছরের পুরানো কোনো বিমানকে নিবন্ধন দেয় না এ কর্তৃপক্ষ। তবে জরুরি প্রয়োজনে নিবন্ধন ছাড়াই বিমান উড্ডয়নের অনুমতি দেওয়ার ক্ষমতা রয়েছে মন্ত্রীর। ফলে ক্যাবো এয়ারকে অনুমতি দেওয়ার জন্য মন্ত্রীকে অনেকদিন ধরেই সুপারিশ করে আসছে স্বায়ত্তশাসিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং সংসদীয় কমিটি। চিঠিতে মন্ত্রী আরো বলেন, "এ সভায় হজ সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করার বিষয়ে মন্ত্রীর এখতিয়ার নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা মন্ত্রীর নির্বাহী কার্যক্রমে গুরুতর হস্তক্ষেপ বলে প্রতীয়মান হয়।" তিনি আরো বলেন, "এ বিষয়ে সভাপতির বক্তব্য ও গৃহীত সিদ্ধান্ত অনভিপ্রেত। 'হজ সংক্রান্ত বিষয়ে আলাদাভাবে মাননীয় মন্ত্রী বৈঠক না করে স্থায়ী কমিটিতে আলোচনা করলে বেশি ফলপ্রসূ হতো'- এ বক্তব্যের মাধ্যমে মন্ত্রণালয়ের ও মন্ত্রীর কাজ এবং স্থায়ী কমিটির কাজ গুলিয়ে ফেলা হয়েছে বলে প্রতীয়মান হয়।" মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে হজ সংক্রান্ত জরুরি সভা করায় ১২ অগাস্ট সংসদীয় কমিটির সভায় উপস্থিত হতে পারেননি মন্ত্রী জিএম কাদের। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এ সভাতেই তার বিরুদ্ধে কড়া সমালোচনা করে সংসদীয় কমিটি। চিঠিতে মন্ত্রী বলেন, "সবার কোনো কোনো নির্দেশনা অতিমাত্রায় নির্দেশনামূলক। যেমন: 'সংশ্লিষ্ট ইপকো (আইপিসিও) কোম্পানির সঙ্গে কোনো মামলায় না গিয়ে সমঝোতার ভিত্তিতে ২৫ একর জমি ছেড়ে দিয়ে ১০৫ একর জমি উদ্ধার ও হোটেল দুটির নির্মাণ কাজ বর্তমান সরকারের আমলে সম্পন্ন করার জন্য সাব কমিটির সুপারিশ ছিলো। কিন্তু মন্ত্রণালয় এগুলো কিছুই আমলে নেয়নি।" এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে চিঠিতে জিএম কাদের বলেন, "ইপকো কর্তৃপক্ষ চুক্তির শর্ত ভঙ্গ করেছে। তাই ইপকোর সঙ্গে সম্পাদিত চুক্তিটি বাতিলযোগ্য।" ঢাকার হজরত শাহজালাল বিমান বন্দর সংলগ্ন জমিতে একটি হোটেলসহ গল্ফ কোর্স নির্মাণের জন্য ১৯৯৮ সালে ইপকোর সঙ্গে সরকারের চুক্তি হয়। বর্তমান সংসদীয় কমিটির প্রধান ওই চুক্তি স্বাক্ষরের সময় এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। ২০০২ সালে ঢাকায় অনুষ্ঠেয় ন্যাম সম্মেলনের আগেই এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিলো। তবে ২০০১ সালে পরবর্তী সরকার এ সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত বাতিল করে সরকার। আর ইপকো চুক্তি অনুযায়ী সময়মতো নির্মাণকাজ শেষ করেনি বলে জানিয়েছে মন্ত্রণালয়। জি এম কাদের বলেন, বিমান বন্দর সংলগ্ন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জমিতে হোটেল ও গল্ফ কোর্স নির্মাণের জন্য সাত দিনের মধ্যে ইপকোর সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চুক্তি করার জন্য কমিটির ২ অগাস্টের সভায় মন্ত্রণালয়কে বলা হয়। এছাড়া সাত দিনের মধ্যে নতুন মাস্টার প্ল্যান অনুমোদন করতেও বলা হয়। মন্ত্রী বলেন, "এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মন্ত্রণালয়কে দেওয়া সময়সীমার ব্যাপারে মন্ত্রণালয়কে সরাসরি নির্দেশনা দেওয়া হয়। তবে মন্ত্রণালয়ের অবস্থান বিবেচনা না করে এধরনের সময়সীমা বেঁধে দেওয়াটা ন্যায্য নয়।" মন্ত্রী জানান, সংসদের নিয়ম অনুযায়ী সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করতে পারে, নির্দেশ দিতে পারে না। জি এম কাদের বলেন, "এই ধারাটি শুধু আইন প্রণয়নকারী ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয়ের জন্যই করা হয়েছে। কাউকে তার অনুপস্থিতিতে আক্রমণ করা প্রচলিত সংসদীয় আচরণবিধির বিরুদ্ধাচরণ করা। আমি মনে করি ১২ অগাস্টের সভা দীর্ঘদিনের এ রীতিকে লঙ্ঘন করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/১৬০০ ঘ.