ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষ হত্যা বন্ধে সীমান্তে গুলি না চালানোর জন্য বিএসএফের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধান রমন শ্রীবাস্তব বৃহস্পতিবার মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান।
ঢাকায় সীমান্ত সম্মেলনে যোগ দিনে বিএসএফ মহাপরিচালক এখন ঢাকায় এসেছেন। সম্মেলনের ফাঁকে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন বিএসএফ প্রধান।
তাদের বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার সাংবাদিকদের বলেন, সীমান্তে গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ করতে বিএসএফ প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বিএসএফ মহাপরিচালক গুলি বন্ধের আশ্বাস দিয়েছেন।
"বিএসএফ প্রধান মন্ত্রীকে বলেছেন, গুলির পরিবর্তে অন্য কোনো হাতিয়ার ব্যবহার করা যায় কিনা, তা চিন্তা করা হচ্ছে", বলেন সচিব।
তিনি আরো জানান, সীমান্তে খাসিয়া বা অন্য কোনো আদিবাসী গোষ্ঠী যাতে কোনো ধরনের অস্ত্র নিয়ে চলাচল না করে তা নিশ্চিত করতে বিএসএফ মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে।
আর বিএসএফের পক্ষ থেকে রাতে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের চলাচল বন্ধের জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে বলে জানান সচিব।
বিএসএফপ্রধানের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী-বিডিআর এর মহাপরিচালক রফিকুল ইসলামও ছিলেন।
তিনি সাংবাদিকদের বলেন, সম্মেলনের প্রথম দিনের আলোচনায় মাদক চোরাচালানের বিষয়টি প্রাধান্য পায়। বাংলাদেশে মাদক প্রবেশের রুটগুলোর একটি তালিকা বিএসএফকে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং ঢাকায় ভারতের হাইকমিশনার রজিত মিটারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24