ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ বর্জন করে আসা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বৃহস্পতিবার রাতে ফের বৈঠকে বসছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন খালেদা জিয়া।
গত মঙ্গলবার রাতে স্থায়ী কমিটি বৈঠকে বসলেও তাতে সংসদে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সে বৈঠক মুলতবি হয়ে বৃহস্পতিবার আবার বসছে।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৮টায় এই মুলতবি বৈঠকটি শুরু হবে। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা হবে।"
মঙ্গলবারের বৈঠকে সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে কেন্দ্রীয় নেতাদের থানায় থানায় সাংগঠনিক সফরে যাওয়ার সিদ্ধান্ত হয়। আগামী ১ অক্টোবর থেকে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সংসদে যাওয়া না- যাওয়ার বিষয়ে মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়েছে। আরো আলোচনা মুলতবি বৈঠকে হবে।
তবে এ বিষয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানান।
সংসদের পঞ্চম অধিবেশনে জাতীয় বাজেট উপস্থাপনের আগে ২ জুন ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি। গত সোমবার শুরু হয়েছে ষষ্ঠ অধিবেশন।
এর আগে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে টানা অনুপস্থিত ছিলো বিরোধী দল। চতুর্থ অধিবেশনে অবশ্য কিছু দিন অংশ নেয় তারা।
সংসদের আইন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, নবম সংসদের পঞ্চম অধিবেশন পর্যন্ত মোট ১৫৮ কার্যদিবসের মধ্যে বিরোধী দলের সদস্যরা ১১৪ দিনই অনুপস্থিত ছিলেন। এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মাত্র পাঁচ দিন সংসদে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১২৪৫ ঘ.
bdnews24