ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে বিএনপি নেতাদের তালিকা বিমানবন্দরে পাঠানোর অভিযোগ করা হলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তালিকার কথা তিনি জানেন না।
ওই তালিকা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছে বিএনপি।
এ ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "বিএনপির আন্দোলনের হুমকি জনগণ মানবে না।"
বিজয় দিবস উদযাপন বিষয়ে রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, "বিরোধী দলের ইস্যুবিহীন রাজনৈতিক আন্দোলন জনগণ মানবে না। সরকারও এ ধরণের কর্মসূচি কঠোরভাবে মোকাবেলা করবে।"
বিএনপির প্রায় ৭০ জন নেতার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে বিমানবন্দরে তালিকা পাঠানোর অভিযোগ শনিবার করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এ তালিকা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তিনি।
এ ব্যাপারে টুকু বলেন, "তালিকার বিষয়ে আমি অবহিত নই। এ বিষয়ে খোঁজ খবর নেব।"
তিনি বলেন, "তাদের শাসনামলে তারা কি করেছেন, তা তারাই ভেবে দেখুন।"
যুদ্ধাপরাধী তালিকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "সন্দেহভাজন যুদ্ধাপরাধীরা সরকারের নজরদারিতে রয়েছেন।"
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন উপস্থিত ছিলেন। সভা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিজয় দিবসকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ে কয়েকটি কমিটি করা হয়েছে। কমিটিগুলো নিজেদের মধ্যে সভা করে ঠিক করবে তারা কিভাবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে।"
তিনি বলেন, "এবার ঈদে আমরা আইন-শৃঙ্খলা যেমন নিয়ন্ত্রণে রাখতে পেরেছি ঠিক সেভাবে আগামী দিনগুলোতেও রাখতে পারি, সে চেষ্টা আমাদের রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৪২২ ঘ.
bdnews24