ময়মনসিংহ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানারামপুর বাজারে দোকানের মালিকানা নিয়ে রোববার দুপুরে দু'পক্ষের সংঘর্ষে কৃষকলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছে আরো নয়জন।
নিহত কছিম উদ্দিন (৪৫) মোয়জ্জেমপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তার বাড়ি কানারামপুর গ্রামে।
নান্দাইল থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কানারামপুর বাজারে দুটি দোকানের মালিকানা নিয়ে দত্তপুর গ্রামের আবুল কালাম উদ্দিনের সঙ্গে তার ভাতিজি হাবিনার বিরোধ চলছিল। কালাম জোর করে তার ভাতিজির দোকান দুটি দখল করে রেখেছিলেন।
রোববার এ ঘটনায় হাবিনার পক্ষ নিয়ে ঘটনাস্থলে আসেন কছিম উদ্দিন। দুপুর একটার দিকে দু'পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের বল্লমের আঘাতে কছিম উদ্দিন গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/পিডি/১৮০৯ ঘ.
bdnews24