২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার বিলবোর্ড ভাংচুর, গ্রেপ্তার তিন

নৈশপ্রহরীকে মারধর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির এক সদস্যের ছবিঅলা বিলবোর্ড ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

মানিকগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৈশপ্রহরীকে মারধর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির এক সদস্যের ছবিঅলা বিলবোর্ড ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বুলবুল, সহ-সাধারণ সম্পাদক আলমাছ উদ্দিন বিশ্বাস এবং বানিয়াজুরী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রদীপ কুমার মন্ডল। মারধরের ঘটনার প্রতিবাদে রোববার চার ঘণ্টা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডের ব্যবসায়ীরা। ঘিওরের ব্যবসায়ীরা জানান, গ্রেপ্তাররা শনিবার রাত আড়াইটার দিকে বানিয়াজুরী বাসস্ট্যান্ডে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য আব্দুল হামিদ ডাবলুর ছবিঅলা একটি বিলবোর্ড ভাংচুর করে। এ সময় নৈশপ্রহরী হেলাল উদ্দিনকে (৬০) মারধরও করে তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাতেই ঘিওর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ঘিওর থানার ওসি আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বেলা সাড়ে ৪টা পর্যন্ত লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি। বানিয়াজুরী বাসস্ট্যান্ড দোকান বণিক সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নৈশপ্রহরীকে মারধরের প্রতিবাদে আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে।" বিলবোর্ড ভাংচুরের প্রতিবাদে ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরাও বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮০১ ঘ.